বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারকে আর কোন সময় দেয়া যাবে না, জনগণের প্রতিষ্ঠার এক দফা দাবিতে আন্দোলন করতে হবে। রাস্তা দখল করতে হবে। বৃহস্পতিবার থেকে অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ কার হাতে কখন হারিকেন ধরিয়ে দেবে তা কেউ বলতে পারে না। আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে সরকারের বিদায়ের সময় শুরু হয়েছে এখন উচিত শ্রীলংকার মতো রাস্তায় নেমে আসা।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে শ্রীলংকার মতো মানুষ নেমে আসবে। রহিমের মৃত্যুর পর আমাদের গর্জে উঠতে হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সমাবেশের সভাপতিত্ব করেন।এছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন।







