দেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।
পাকিস্তান সময়ে ভালো ছিলাম বিএনপির মহাসচিবের নির্বাচনের আগে এই বক্তব্যে পাল্টা প্রশ্ন করে মন্ত্রী জানতে চান, কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? গত দশদিন ধরে পেঁয়াজের দাম কমেছে, জিনিস পত্রের দাম কমেছে মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করার। সেটা যেন না হয় সেজন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।
এসময় তিনি মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের ওপর জোর দেন।
মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতীর-৪ আসনের এমপি লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলানা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী। এতে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা প্রাশাসকসহ অন্যরা।
বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি জানান।








