ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি আয়োজিত ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর প্রথম আসর মাঠে গড়িয়েছে বৃহস্পতিবার। সকালে উদ্বোধনী ম্যাচে এশিয়ান টিভিকে ২-০ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে চ্যানেল আই। জোড়া গোল করে ম্যাচসেরা হন চ্যানেল আইয়ের রাহুল রায়।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজেসির নির্বাহী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন। ছিলেন বিজেসির নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম, পারভেজ রেজা।
এশিয়ান টিভির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে চ্যানেল আই। প্রথমার্ধের শেষদিকে দলকে ১-০ গোলে এগিয়ে নেন রাহুল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ম্যাচসেরা হন এ তারকা সাংবাদিক।
দিনের দ্বিতীয় ম্যাচে এসএ টিভিকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে গেছে একাত্তর টেলিভিশন। শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চ্যানেল আই ও একাত্তর টেলিভিশন।
২৫ দলের অংশগ্রহণে হচ্ছে আসর। অংশ নিচ্ছেন ২৫ টেলিভিশনের আড়াইশ সংবাদকর্মী। সোমবার রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়।







