ঢাকায় ফিরেছেন ব্রিটিশ কোচ জেমস বাটলার। ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলারও। তবে বাটলারকে বয়কট করা ১৮ নারী ফুটবলারের মধ্যে ১৩ জন অনুশীলনে ফিরেছেন। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে চলা টানাটানির অবসান ঘটল দেশের নারী ফুটবলে।
আবাহনী মাঠে মঙ্গলবার সকাল ছয়টায় শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররাও যোগ দেন। সেখানে ঘণ্টাখানেক অনুশীলন চলেছে তাদের।
সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই বাটলারের অধীনে অনুশীলন করেছেন।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩ জুন থেকে ৫ জুলাই হবে বাছাইপর্বে। সেখানে অংশ নেবেন বাংলাদেশের মেয়েরা।
তার আগে ২৬মে থেকে ৩ জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাচ্ছেন মেয়েরা। যেখানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি ১১ থেকে ২১ জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ বাটলার।







