মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া কেন্দ্র করে ভারতে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই থেকে বিসিসিআই ও বিসিবির মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়ন। অস্থিরতা কাটাতে এবার বড় পদক্ষেপ নিল বিসিবি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস একটি প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল (৩টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি), যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।
এছাড়া আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ। পাশাপাশি আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায়, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি।
সংবাদমাধ্যমটি বলছে, বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না।








