এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন প্রবেশ বিধিমালা কার্যকর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত কোন ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। এরমধ্যে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য পূর্বের মতো গেট-১ খোলা থাকবে।
এছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। যার মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।
বিসিবি বলেছে, নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভেন্যু ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেছে ক্রিকেট বোর্ড।








