মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির প্যানোরামা অনুষ্ঠানে ভাষণ নিয়ে বিভ্রান্তিকর সম্পাদনার জন্য ক্ষমা চেয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, সম্পাদনার কারণে মনে হয়েছে ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন, যা ভুল ধারণা। এ ঘটনায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।
ট্রাম্পের আইনজীবীরা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে বিবিসিকে আইনি নোটিশ দিয়েছেন। বিবিসি বলেছে, সম্পাদনাটি ভুল হলেও মানহানি অভিযোগের ভিত্তি নেই।
বিবিসি যুক্তি দিয়েছে, ভিডিওটি শুধু যুক্তরাজ্যে প্রচারিত হয়েছে। এতে ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি। দীর্ঘ ভাষণ সংক্ষিপ্ত করতেই সম্পাদনা করা হয়েছিল, পুরো প্রোগ্রামে ভারসাম্য রাখা হয়েছিল।
এদিকে ২০২২ সালে নিউজনাইট-এ ট্রাম্পের ভাষণের আরেকটি বিভ্রান্তিকর সম্পাদনার অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।








