বার্সেলোনার ঘাড়ে নতুন কোপ পড়েছে। অর্থ সংকটে ভুগতে থাকা ক্লাবটিকে খেলোয়াড়দের অর্থ প্রদানে ‘অনিয়ম’র অভিযোগে ১৫.৭ মিলিয়ন ইউরো জরিমানা করেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা’র খবর, দেশটির কর কর্তৃপক্ষ বার্সেলোনার সাবেক খেলোয়াড় আরদা তুরান ও অ্যালেক্স সংকে দেয়া অর্থের তথ্যে গড়মিল পেয়েছে। বার্সা তাদের চুক্তির মেয়াদ শেষে দুপক্ষের সম্মতিতে ক্ষতিপূরণে জন্য দেয়া অর্থের পরিমাণ গোপন রেখেছিল। তাছাড়া খেলোয়াড় ও স্টাফদের ধারের মাধ্যমে অডি কার দেয়া ও চার্টার্ড ফ্লাইটের খরচের বিষয়েও তথ্যের গড়মিল পেয়েছে কর বিভাগের লোকজন।
২০১৯ সালে তদন্ত শুরু হয়েছিল। দেশটির ট্রেজারি পরিদর্শক দাবি করেছেন, ফ্লাইট এবং কারের হিসাব বেতনের মধ্যে বিবেচনা করা যাবে না যা নিয়মের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বার্সেলোনা অর্থ সংকটে ভুগছে বছর তিন হল। গ্রীষ্ম মৌসুমে খেলোয়াড় বিক্রির মাধ্যমে ১৫০ মিলিয়ন অর্থ সংস্থানের চেষ্টা করছে। খেলোয়াড়দের বেতন কাটার বিষয়টিও রয়েছে। রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকে নেগরেইরাকে ২০০১-২০১৮ পর্যন্ত বার্সার দেয়া মোট ৭.৩ মিলিয়ন অর্থের বিষয়টিও তদন্ত করছে স্পেন ও উয়েফা কর্তৃপক্ষ।








