ঈদুল ফিতর উপলক্ষে সীমিত পরিসরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল নিষ্পত্তি সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকায় নির্বাচিত ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে সেবা দিচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এই সময়সূচির মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতিও রাখা হয়েছে। যদিও ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে, তবুও পোশাক খাতের জরুরি প্রয়োজন বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গীতে তাদের কার্যক্রম চালু রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় সেবা দিচ্ছে।
এছাড়া ব্র্যাক ব্যাংক মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রেখেছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়াতেও কার্যক্রম চালাচ্ছে।
অন্যদিকে এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা চালু রেখেছে। প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কাওরানবাজার ও গুলশান এলাকায় নির্দিষ্ট শাখা খোলা রেখেছে। পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বিভিন্ন শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাক খাতের আর্থিক কার্যক্রম সচল রাখা এবং ঈদ উদযাপন নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।








