কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রভাবে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রায় দেড় হাজার শিক্ষার্থী শিগগিরই চীনে যাচ্ছে।
গত ৭ আগস্ট ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের বৈঠকের অগ্রগতি এটি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে কুনমিং এবং ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর এবং ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজু পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে যাবেন।
চার্টার্ড ফ্লাইটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী যাচ্ছেন। প্রয়োজনে আরো চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার রাতে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে জানান, আমাদের প্রিয় বাংলাদেশী শিক্ষার্থীদের চীনে স্বাগত জানাতে ছয়টি চার্টার্ড ফ্লাইট সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ঢাকায় পৌঁছাবে।










