আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের ভেতর ছুঁতে পারলে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেত বাংলাদেশ। উল্টো বাজে ব্যাটিং প্রদর্শনীর পর বৃষ্টি আইনে ৮ রানে হেরে সুপার এইট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাল-সবুজের দলের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন, তাদের হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
গোটা টুর্নামেন্টে বোলিং-ফিল্ডিংটা ভালো হয়েছে, মত বাংলাদেশ অধিনায়কের। লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে ঝরেছে বাড়তি প্রশংসা। তবে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে সকলের প্রত্যাশা। ব্যাটারদের পক্ষ থেকেও আলাদা দুঃখ প্রকাশ করলেন শান্ত।
‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখ অনুভব করছি। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।’
‘ব্যাটিংয়ের দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। তবে আমরা দিন শেষে পারিনি। তাই এটার জন্য দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।’








