কয়েকঘণ্টা পর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টিতে থাকছেন না অধিনায়ক নুরুল হাসান সোহান। চোটের কারণে ছিটকে যাওয়া উইকেটরক্ষক-ব্যাটারের বিশ্বাস, হারারেতে ফল বাংলাদেশের পক্ষে আসবে এবং সিরিজ জিতবে টাইগাররাই।
আঙুলে চোট নিয়ে চলতি সফর থেকেই ছিটকে গেছেন সোহান। তার জায়গায় নেতৃত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার সকালে দলকে শুভ কামনা জানিয়েছেন সোহান। চোট কাটিয়ে ফেরার কথাও বলেছেন।
‘দলকে কতটা মিস করবো ভাষায় প্রকাশ করতে পারছি না। একইসঙ্গে লাল-সবুজ জার্সিটি পরাও অনেকবেশি মিস করবো। শুভ কামনা বাংলাদেশ দল। দুর্দান্ত খেলো, ইনশাআল্লাহ আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতবো। আমি জানি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত আমরা। ঢাকায় খুব দ্রুত দেখা হচ্ছে।’ লিখেছেন সোহান।
সাকিব আল হাসান ছুটিতে, মুশফিকুর রহিম বিশ্রামে, মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রাম কাটিয়ে এই ম্যাচের দলে ঢুকেছেন এবং টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেয়া তামিম ইকবালকে ছাড়াই শুরুতে দল দিয়েছিল বিসিবি। সেখানে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটে দলপতি হন সোহান।
অধিনায়ক হিসেবে সোহানের যাত্রাটা মোটেও সুখকর হয়নি। বোলারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচ হারতে হয় ১৯ রানে। পরের ম্যাচে কক্ষপথে ফেরে বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে সিরিজ সমতায় আনার ম্যাচে চোটে পড়েন বাংলাদেশ অধিনায়ক।
কিপিংয়ের সময় বাঁ-হাতের তর্জনীতে চোট পান সোহান। ম্যাচের পর এক্স-রে করানো হলে আঙুলে ধরা পড়ে চিড়। দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, সফরে আর মাঠে নামতে পারবেন না নতুন টি-টুয়েন্টি অধিনায়ক।
তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে অধিনায়ক হিসেবে মোসাদ্দেক হোসেনের নাম ঘোষণা করেছে বিসিবি। উইকেটরক্ষক-ব্যাটার নুরুলের বদলি হিসেবে ফিরেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে ম্যাচ।








