বাংলাদেশে পা রেখে লড়াইয়ের আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সফরকারী দলটি। হারের পর কারণ হিসেবে একাধিক সুযোগ মিস করারকে দায়ী করেছেন দলটির অধিনায়ক সিকান্দার রাজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিদারাত্রির ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে ১২৪ রানের বেশি করতে পারেনি সফরকারী দল। জবাবে ব্যাটে নেমে ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম টাইগার্স।
ম্যাচ শেষে রাজা বলেছেন, ‘আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব নিয়ে খেলা দরকার, তবে দিন শেষে ভুলগুলো সিনিয়রদের কাঁধেই আসবে। এই দলের একটা সৌন্দর্য হল, এখানে সবাই নিজ নিজ দায়িত্ব পালনের চেষ্টা করে, দুর্ভাগ্যবশত আজ সেটি হয়নি। সিরিজটি ভালোভাবে শুরু করতে পারিনি এটা সত্য। পরের ম্যাচ দিয়ে সিরিজে ফেরার চেষ্টা চালিয়ে যাবো।’
‘আমরা এখন ৮ পর্যন্ত ব্যাট করছি, জংওয়ে ৮ নম্বরে খেলে। অতীতে এই আট ব্যাটারের মধ্যে অনেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একটি নির্দিষ্ট দিনে আমাদের শুধু ৪-৫ জন খেলোয়াড়ের জ্বলে ওঠা প্রয়োজন। যাকে দলীয় পারফরম্যান্স বলে। যাতে আমরা ১৮০-১৯০ দলীয় রানে শেষ করতে পারি।’
‘ফিল্ডিংয়ে আমরা অনেক খারাপ করেছি। আমরা হারারে স্পোর্টিং ক্লাবে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছি, এখানেও সেটি করতে হবে। ফ্লাডলাইটের আলোয় খেলে অভ্যস্ত হওয়া দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সেটা করার তেমন কোনো সুযোগ পাইনি।’








