১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, যেটির সমাপ্তি এলো হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেয়ে। ওয়ার্নার পার্কে আগে কখনও ৩০০-এর বেশি রানতাড়া করে জয় ছিল না। বাংলাদেশকে হারাতে রেকর্ডই গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। লাল-সবুজদের এমন ব্যর্থতার কারণ জানালেন মেহেদী হাসান মিরাজ। কোথায় উন্নতি করতে হবে জানেন অধিনায়ক।
সেন্ট কিটসে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রানের সংগ্রহ দাঁড় করায় মিরাজ বাহিনী। জবাবে ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
ম্যাচ শেষে হারের কারণ নিয়ে মিরাজ বললেন, ‘আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। ব্যাটাররা ভালো করেছে, আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো খেলেছেন। এই ম্যাচে বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে আমরা উইকেট পেতে পারতাম। এটাই আমাদের জন্য সমস্যা ছিল।’
‘এই সিরিজে আমরা কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে মিস করছি। চারে ব্যাটে নেমে আমাকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে। মাহমুদউল্লাহ খুব ভালো করেছে। এই সিরিজে সে তিনটি ফিফটি পেয়েছে। দলের জন্য ভালো একটি মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেককিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেয়ার সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি।’
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই ছিল বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টিম টাইগার্স।
‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।
এবার কিংসটাউনে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।







