শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে একসময় ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। পঞ্চম ম্যাচে হেরে যায় আজিজুল হাকিম তামিমের দল। শেষ ম্যাচ দাঁড়ায় সিরিজ নির্ধারণীতে। শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, বাংলাদেশের যুবারা সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে।
কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান তোলে আজিজুলের দল। পরে বৃষ্টি নামে। দীর্ঘসময় ধরে বৃষ্টি হওয়াতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আগে ব্যাটে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন আজিজুল হাকিম। তৃতীয় উইকেটে রিজান হোসেনকে নিয়ে ১০৮ রান যোগ করেন আজিজুল।
সেঞ্চুরির কাছে পৌঁছেছিলেন আজিজুল। ৯৪ রান করে দলীয় ১৭৪ রানে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। পরে আব্দুল্লাহকে নিয়ে আরও ১৪ রান যোগ করেন রিজান। এরপর বৃষ্টি নামে। রিজান ৪৮ রান করেন।
লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন থারুশা নাভোদ্যা, কুতাথাস মাথুলান ও হিমেল রাভিষ্ণা।
দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সিরিজে দারুণ করেছেন বাংলাদেশের যুবারা। দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার জাওয়াদ আববার। ৪ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী আল ফাহাদ।








