সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ায় শ্রীলঙ্কা। প্রথম সেশনের খেলা শেষ হতে যখন আর ৫ মিনিটের অপেক্ষা তখন লিটন দাসের উইকেট হারিয়ে আরও কোনেঠাসা হয়ে পড়েছে স্বাগতিকরা। দেড়শর আগেই হারিয়েছে ৬ উইকেট। দারুণ দৃঢ়তা দেখিয়ে যাওয়া তাইজুল ইসলামের সঙ্গে জুটি বেধেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর নেই কোনো স্বীকৃত ব্যাটার।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ৬ উইকেটে ১৩২ রান। তাইজুল ৪১ ও মিরাজ ২ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছিল টিম টাইগার্স।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে পঞ্চাশ পেরিয়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ১২ রান করে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শাহাদাত হোসেন দীপু লড়াইয়ের আভাস দিয়ে ফিরে যান ১৮ রান করে। টিকে থাকার লড়াইয়ে মূল ব্যাটারদের চেয়ে সফল তাইজুল ইসলাম।
আগের দিন পড়ন্ত বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে নেমে দ্বিতীয় দিনও দেখান দৃঢ়তা। ৪১ রানে অপরাজিত থেকে গেছেন মধ্যাহ্ন-ভোজের বিরতিতে। ৭১ বলের ইনিংসে রয়েছে ৫টি চারের মার। এটিই তাইজুলের ক্যারিয়ারসেরা ইনিংস। আগে এ বাঁহাতির সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯ রানের।
তাইজুল ভরসা হয়ে টিকে থাকলেও লিটন আউট হয়ে যান বিরতির ঠিক আগমুহুর্তে। লাহিরু কুমারার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন। ৪৩ বলে ৪টি চারে করেন ২৫ রান। তাইজুলের সঙ্গে ৪১ রানের জুটি ভাঙে কিপার-ব্যাটার ফিরলে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে পাড়ি দিতে হতে অনেকটা পথ। সেই যাত্রায় ভরসা কেবল তাইজুল আর মিরাজ।








