টি-টুয়েন্টি, ওয়ানডে সিরিজের উত্তাপ ছাড়িয়ে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে টেস্ট সিরিজ। সিরিজে আঙুলের চোটের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়। এছাড়া পেস আক্রমণেও দেখা যেতে পারে নতুন মুখ।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামছে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে লড়াই।
গত বছর থেকে টেস্টে দারুণ ছন্দে আছে টিম টাইগার্স। ২০২২ সালে বাংলাদেশ ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। এরপর ২০২৩ সালে ঘরের মাটিতে তিনটি সিরিজ খেলেছে টিম টাইগার্স। সেখানে একটিও সিরিজ হারেননি শান্ত-লিটনরা। সবশেষ ২০২৪ সালে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে জয় পেলেও মিরপুরে দ্বিতীয় টেস্টে হেরে যায়। সিরিজ সমতায় শেষ হয় ওই সিরিজ।
সবকিছু ঠিক থাকলে কালকের ম্যাচে সাদা পোশাকে অভিষেক হয়ে যেতে পারে দুই খেলোয়াড়ের। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমন ইঙ্গিতই দিয়ে রেখেছেন। মুশফিকুর রহিমের জায়গায় একাদশে দেখা মিলতে পারে হৃদয়ের। আর পেস আক্রমণ শক্তিশালী করতে মুশফিক হাসান ও নাহিদ রানার যে কোনো একজনের অভিষেক হতে পারে। এমনকি দুজনকে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তাওহীদ হৃদয়, লিটন দাস, মমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা/মুশফিক হাসান।







