বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন দিলশান মাদুশঙ্কা। হ্যামস্ট্রিং চোটে ওভারের মাঝপথে ফিরে যান। ওভার শেষ করেন জানিত লিয়ানাগে। এমআরআই রিপোর্ট ভালো না আসায় সেই চোটে টাইগারদের বিপক্ষে চলতি সিরিজ থেকেই ছিটকে গেছেন ডানহাতি পেসার। আইপিএলে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড রোববার বিবৃতিতে জানিয়েছে, এমআরআই রিপোর্টে মাদুশঙ্কার বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। পুনর্বাসনের কাজ করতে দেশে ফিরে যাচ্ছেন ২৩ বর্ষী পেসার।
শুক্রবার থেকে শুরু হতে চলা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা মাদুশঙ্কার। চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মুম্বাই জার্সিতেও বেশকিছু ম্যাচে দেখা যাবে না লঙ্কান তারকাকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন মাদুশঙ্কা। টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। ওয়ানডেতে সবমিলিয়ে ২৩ ম্যাচে ২৪.৮৭ গড়ে ৪১টি উইকেট নিয়েছেন। ১৪ টি-টুয়েন্টিতে পেয়েছেন ১৪ উইকেট।
সোমবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী।







