ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক, নতুন মুখ এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। আগে লাল-সবুজের হয়ে সাতটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ১৬ সদস্যের দল জানায়। নেতৃত্বে আছেন লাল-সবুজদের নিয়মিত মুখ নিগার সুলতানা জ্যোতি, সহকারী থাকবেন নাহিদা আক্তার।
চলতি বছরের জানুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান জুয়াইরিয়া। ছোট সংস্করণের টুর্নামেন্টে ৭ ম্যাচে ১২৩ রান আসে তার ব্যাটে।
৭ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা। স্ট্যান্ডবাই রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন এবং তাজ নেহারকে।
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। ২২ ও ২৫ এপ্রিল হবে পরের দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
২৮ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২মে। সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ নারী ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।







