ভারতের সঙ্গে দুই টেস্টে ব্যাটিং হতাশার পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। মিরপুর টেস্টে প্রথমদিনে পুরো দুই সেশনও ব্যাট করতে পারেনি টিম টাইগার্স। প্রোটিয়া পেসারদের তোপে শুরু থেকে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে একসময় ৬ উইকেটে ৬০ রানে মধ্যাহ্ন বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে দ্রুত উইকেট হারিয়ে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার টসে জিতে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১০৬ রানে যেতে পেরেছে টিম টাইগার্স।
সাউথ আফ্রিকাকে শুরুতে সাফল্য এনে দেন ইয়ান মুল্ডার। বল হাতে প্রথম ৩ ওভারে ৩ উইকেট শিকার করেন ২৬ বর্ষী পেসার। শূন্য রানে ওপেনার সাদমান ইসলামকে ফিরিয়ে দ্বিতীয় শিকারে পরিণত করেন ৬ বলে ৪ রান করা মুমিনুল হককে। ডানহাতি পেসার ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও, ৭ বলে ৭ রান করার পর।
২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত থেকে মাহমুদুল হাসান জয় লড়াই করে গেলেও অন্যপ্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে শান্তবাহিনী।
জয়ের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৬ হাজার রানের মাইলফল থেকে ৩৯ রান দূরে ব্যাটে নেমে কাগিসো রাবাদার রেকর্ড ৩০০তম উইকেটের শিকার হন তিনি। মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়িয়ে ১১ রানে আউট হন মুশফিক। ১৩ বলে ১ রান করা লিটনকেও ফেরান ২৯ বর্ষী প্রোটিয়া পেসার।
মধ্যাহ্ন বিরতির আগে আগে কেশভ মহারাজের বলে ২৪ বলে ১৩ রানে মেহেদী হাসান মিরাজ ফিরলে ৬০ রানে ৬ উইকেট হারিতে বসে বাংলাদেশ। বিরতির পরপর টানা দু-ওভারে দুই উইকেট হারায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাকা দলটি। মাহমুদুল হাসান জয়ের (৩০) আউটের তিন বল পর ফিরে যান অভিষিক্ত জাকের আলী অনিক (০)। শেষদিকে তাইজুল ইসলামের ১৬ রানে ১০৬ রানের সংগ্রহ আসে।
সাউথ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, ইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ নেন ৩টি করে উইকেট।







