বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় পেলেও টানা পাঁচ হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা কার্যত নিভে গেছে। কাগজে-কলমে সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবতায় সেটি অসম্ভবই বলা যায় টাইগারদের জন্য।
সেখানে ছয় ম্যাচে দুই জয় পাওয়া পাকিস্তান অবশ্য এখনো সমীকরণের মারপ্যাঁচে শেষ চারে যাওয়ার পথ থেকে ছিটকে যায়নি। কাজটা বেশ কঠিন হলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা এখনো ভালোভাবেই আছে।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডউড। হারানোর কিছু নেই- এমন দলের বিপক্ষে টুর্নামেন্টের এপর্যায়ে খেলা কতটা কঠিন হবে সে প্রশ্নে দিলেন কৌশলী উত্তর।
‘১০টি সেরা মানের দল এ টুর্নামেন্টে খেলছে। তাদের কাউকে পরাজিত করার ঐশ্বরিক ক্ষমতা আমাদের নেই। আমরা জানি যেকোনো দলকে হারাতে হলে আমাদের ভালো খেলতে হবে। যখন তিন ডিপার্টমেন্টে একসাথে নিজেদের খেলাটা খেলতে পারবো, আমরা যেকোনো দলকে হারাতে পারি। বাংলাদেশকে আমরা অত্যন্ত সম্মান করি। তাদের মানসম্পন্ন ক্রিকেটার আছে।’
‘আমরা তাদের সম্ভাব্য দুর্বলতা খোঁজার আশা করতে পারি এবং আমরা জানি তাদের শক্তিয় জায়গা কোথায়। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালো প্রস্তুতি নিয়েছি।’
অতীতে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান। ব্র্যাডউড সেই কথাটিও জানিয়ে গেলেন।
‘বাংলাদেশ ভালো দল। তাদের সঙ্গে আগে এশিয়া কাপে খেলেছি। আগেও তাদের সঙ্গে খেলেছি। আমাদের জন্য এটা (ইডেন গার্ডেন্স) নতুন ভেন্যু। তবে আমরা হোমওয়ার্ক করেছি এবং পরের তিন ম্যাচে সেরাটা দিতে সামনের দিকে তাকিয়ে আছি।’







