বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ‘একটু ধৈর্য ধরার’ আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এসব মন্তব্য করেন।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে রামদেব বলেন, দেশ দুটিতে হিন্দুরা যে ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে নিষ্ঠুরতার অন্যতম বড় ঘটনা।
তিনি বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব এসব কথা বলেন।
ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়েও কথা বলেন রামদেব। তিনি বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’। তবে ভবিষ্যতে ধর্মীয় পরিবর্তনের কারণে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
রামদেব বলেন, ‘হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’
ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত করার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি। একই সঙ্গে ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হওয়া, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান হওয়া এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেন, যাতে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশে ভারত যেন সমান সম্মান পায়, সেটিও চান বলে জানান রামদেব।










