টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র মনে করা হয় সৌম্য সরকারকে। বাঁহাতি ওপেনার কোথাও রান না করেই ফিরেছেন জাতীয় দলে। ফিরে পেয়েছেন পছন্দের ব্যাটিং পজিশনও। কোচের পছন্দেই যে সব হচ্ছে সেটি না বললেও চলছে। নিউজিল্যান্ড সফরে সুযোগ কাজে লাগিয়ে ১৬৯ রানের ইনিংস খেলে সৌম্য জানান দিয়েছেন কতটা সামর্থ্যবান।
ঘরোয়ায় তেমন কিছু করতে না পারলেও আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে সৌম্যকে ফিরিয়ে আনার কৃতিত্ব চাইলে হেড কোচ নিতে পারতেন। কিন্তু সেটি করেননি হাথুরু।
সৌম্যর নিজেকে ফিরে পাওয়ায় হাথুরুর অবদান কতটা, এমন এক প্রশ্নে বাংলাদেশের কোচ বলেছেন, ‘আমি নই, সে নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডের আগে এটা সৌম্যর জন্য ছিল “হয় মারো, না হয় মরো”। এটাই প্রমাণ করে, সে মানসিকভাবে কতটা শক্তিশালী।’
‘সে জানত, পুরো দেশ তার বিপক্ষে ছিল। সে যদি ব্যর্থ হতো, তাহলে কী হতো, সেটা আমরা জানি না। আমরা যে কাজটা ভালো করেছি, আমরা তার উপর বিশ্বাস রেখেছি, তাকে আত্মবিশ্বাস জুগিয়েছি এবং পুরো দল তাকে সমর্থন দিয়েছে। এতেই মনে হয়, সে ফর্ম ফিরে পেয়েছে।’







