ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্নপূরণের পথ খোলা রাখতে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের। বাঁচামরার লড়াইয়ে কিউইদের সঙ্গে দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে ডাক পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে গড়িয়েছে মহারণ।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির নয় আসরে এপর্যন্ত দুদলের দেখা হয়েছে দুবার। প্রথমবার ২০০২ আসরে ১৬৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সাকিব-মাহমুদউল্লাহরা খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। এবার বাংলাদেশের সঙ্গে জয় পেলে সেমি নিশ্চিত করবে ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।








