মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। চোটের কারণেই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞ ব্যাটারের ফেরা হবে কিনা তা এখনও অনিশ্চিত।
রাওয়ালপিন্ডিতে সোমবার ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে মাঠের লড়াই। আগেরদিন অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স মাহমুদউল্লাহ’র চোট সংক্রান্ত প্রশ্নে জানালেন এমন।
বলেছেন, ‘আমরা আজই তা জানতে চলেছি। তাকে আজই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তারপর অনুশীলনের পর আমরা জানতে পারব যে সে নির্বাচনের জন্য যথেষ্ট ফিট কিনা।’
চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচে সাকিব আল হাসানের পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। এবারের আসরে সাকিব স্কোয়াডে না থাকলেও মাহমুদউল্লাহ আছেন। চোটের কারণে কিউইদের বিপক্ষে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বাংলাদেশের একাদশটা ঠিক কেমন হতে পারে এমন প্রশ্নে মাহমুদউল্লাহ‘র ফিটনেস পরীক্ষার কথাই ফের শোনালেন টাইগার কোচ।
বলেছেন, ‘যেমন আমরা আগে বলেছি, আমাদের দেখতে হবে রিয়াদ ফিট কিনা, তারপর আমরা সিদ্ধান্ত নেব দলকে কীভাবে ভারসাম্যপূর্ণ করা যায়। আজ অনুশীলন শেষ হলে আমরা জানতে পারবো। পাশাপাশি আমরা উইকেট এবং এই জাতীয় সবকিছু দেখব। সন্ধ্যার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে দুবাইতে অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।







