বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ১৪ বছর পর সেমিফাইনালের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পথে হারিয়েছিল ভুটান ও মালদ্বীপকে। জামাল ভুঁইয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি দেখল বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে এখন লাল-সবুজের দল।
বৃহস্পতিবার ছেলেদের ফুটবলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। তিন ধাপ এগিয়ে সুখবর পেয়েছে লাল-সবুজের দল। ৮৮৯.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আগে অবস্থান ছিল ১৯২তে। সাফ মিশন শেষে ২.৯৪ পয়েন্ট যোগ হওয়ায় বর্তমান পয়েন্ট ৮৯২.৪৪, অবস্থান ১৮৯ নম্বরে।
জামাল-মোরসালিনদের র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে শীর্ষ ১০টি স্থান। শীর্ষে বহাল রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা, ১৮৪৩.৭৩ পয়েন্ট তাদের। ১৮৪৩.৫৪ পয়েন্টে দুইয়ে ফ্রান্স। ব্রাজিলের অবস্থান তিনে, তাদের পয়েন্ট ১৮২৮.২৭। ইংল্যান্ড রয়েছে চারে, ১৭৯৭.৩৯ পয়েন্ট নিয়ে।
পাঁচে বেলজিয়াম, পয়েন্ট ১৭৮৮.৫৫। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ১৭৪২.৫৫ পয়েন্ট নিয়ে ছয়ে। ১৭৩১.২৩ পয়েন্ট নিয়ে সাতে নেদারল্যান্ডস। ১৭২৬.৫৮ পয়েন্ট নিয়ে ইতালির অবস্থান আটে। নয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, পয়েন্ট ১৭১৮.২৫। দশে স্পেন, পয়েন্ট ১৭০৩.৪৫।
সাফে শিরোপা জিতে একধাপ এগিয়েছে ভারত। ৩.৭৯ পয়েন্ট যোগ হয়ে ১২০৮.৬৯ পয়েন্টে তাদের অবস্থান ৯৯তে।







