ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল।
বর্তমানে শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে পর্যটন ভিসা দেওয়া ‘সীমিত’ করার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলো।
তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা ৪টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। তখন ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর ফলে ভারত কয়েকদিন সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
পরে ভিসা সেন্টারগুলো চালু করা হলেও মূলত তখনই ভারত জানিয়ে দেয় যে, বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।
বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।








