বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপপর্বে শক্তিশালী সাউথ কোরিয়াকে হারিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে আরুদুজ্জামান মুন্সির দল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক রেইডার আল-আমিন। জয়ে ব্যক্তিগত অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার পেলেও দলের জয় তার কাছে গুরুত্বপূর্ণ। বলেছেন, শিরোপার লক্ষ্যে অবিচল তারা এবং তাদের মূল লক্ষ্য হল আগের তিন আসরের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া।
আল-আমিন অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘ম্যাচসেরা হতে পেরে ভালো লাগছে। তবে আমাদের প্রধান লক্ষ্য হল দলের জয় আর শিরোপা জিতে নেয়া। ম্যাচসেরা হতে পারাটা মূল লক্ষ্য নয় বরং এ টুর্নামেন্টের চতুর্থ আসরের ট্রফি জিতে নেয়াই আমাদের মূখ্য উদ্দেশ্য।’
উদ্বোধনী আসর থেকে টানা চতুর্থ আসরে খেলা এ রেইডার জানান, ‘আগেরবারের তুলনায় এ আসরে বেশকিছু শক্তিশালী দল এসেছে। এশিয়ান গেইমসে রৌপ্য ও তাম্রপদক জয়ী দল সাউথ কোরিয়া খেলছে এবার। জাপানের মতো ভালো দলও খেলতে এসেছে। সেই বিবেচনায় এবারের দলগুলোও ভালো, আসরটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
‘এবার আমরা দেশীয় কোচের কাছে বেশ ভালো প্রশিক্ষণ নিয়েছি। এবারও আমাদের লক্ষ্য হল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া।’
২৬ মে শুরু হওয়া আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল ৬৭-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় সাউথ কোরিয়াকে। সোমবার মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপপর্বের শীর্ষে রয়েছে। ২৯মে বর্তমান চ্যাম্পিয়নরা তৃতীয় ম্যাচে খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।








