ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারাবাহিকতায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি সুরমা নদীর তীরবর্তী ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হল।
রোববার দুপুরে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ড অধিনায়ক এন্ডু ব্যালবির্নে। দুই অধিনায়ক ছাড়াও বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৮৭৪ সালে নির্মিত ঘড়িঘরটি সিলেটের প্রবেশদ্বার, কিন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ায় পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান পুত্র আলী আমজাদের নামে ঘড়িটি নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজাকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাটার দৈর্ঘ্য দুই ফুট।
ঘড়ি টাওয়ারটি সিলেটের ঔপনিবেশিক যুগের ঐতিহ্য এবং ব্রিটিশ ভারতের বিস্তৃত ইতিহাসের সংযোগের প্রতীক। এর মার্জিত স্থাপত্য এবং দীর্ঘস্থায়ী উপস্থিতি সেসময়ের কারুশিল্পকে প্রতিফলিত করে।
এটির কিছুদূরে ১৯৩৬ সালে নির্মিত কিন সেতু সুরমা নদীর উপর বিস্তৃত। আসামের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিনের নামকরণে বানানো হয়েছিল সেতুটি। ইস্পাতের সেতুটি সেসময়ের প্রকৌশল কীর্তি এবং শহরের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট গড়াবে ১৯ নভেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।







