তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা। সহযোগী স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে থাকছে রুচি। মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজে পৃষ্ঠপোষক পাওয়া আগে কঠিন হলেও এখন আগ্রহ দেখাচ্ছে অনেক প্রতিষ্ঠানই।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। সিরিজের কেতাবি নাম ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচ খেলবে দুদল। ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি ওয়ানডে দুটি গড়াবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের ভেন্যু মিরপুর। ৫, ৭ ও ৯ ডিসেম্বর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে।








