ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রানের জবাবে নেমে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে হাল ধরেন লিটন দাস ও সাকিব আল হাসান। তাদের জুটিতে আসে ৫১ রান। দুজনই আউট হলে শঙ্কা জাগে ফলো-অনের। পরে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করলেও তা এড়াতে পারেননি। বাংলাদেশকে ফলো-অনে পাঠানোর সুযোগ থাকলেও তা না করে ২২৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামবে রোহিত শর্মার দল।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের ইনিংসে প্রথম ওভারে উইকেট তুলে নেন বুমরাহ। অফস্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দেন সাদমান। স্টাম্পে গিয়ে আঘাত করে বল। ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি।
নবম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন আকাশ দীপ। ৩ রান করা জাকির ও শূন্য রানে থাকা মুমিনুলকে ফেরান ২৭ বর্ষী পেসার। এরপর বেশি সময় টিকে থাকতে পারেননি অধিনায়ক শান্তও। ৩০ বলে ২০ রান করে আউট হন তিনি। উইকেট ধরে খেলার চেষ্টা করেন মুশফিক। তাকেও ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ।
বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে প্রথম সুইপ করতে গিয়ে আউট হন লিটন। লং লেগ থেকে দৌড়ে এসে ক্যাচটি নিয়েছেন বদলি ফিল্ডার ধ্রুব জুরেল। ৪২ বলে ২২ রান করে থামে লিটনের ইনিংস। এর মধ্য দিয়ে সাকিব-লিটনের ৯৪ বলে ৫১ রানের জুটি ভাঙে।
লিটনকে ফিরিয়ে এক ওভার পর আবারও বল হাতে আসেন জাদেজা। এবার তার শিকার সাকিব। ৩১তম ওভারে জাদেজার বল রিভার্স সুইপ করতে গিয়ে ঠিকমতো ব্যাটে পাননি অভিজ্ঞ অলরাউন্ডার। বল সাকিবের ব্যাটে লেগে তার বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়লে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে ফিরে যান সাকিবও। ৬৪ বলে ৩২ রান আসে তার ব্যাট থেকে।
চা বিরতির আগে হাসান মাহমুদকে তুলে নেন বুমরাহ। ২২ বলে ৯ রান আসে তার ব্যাট থেকে। তাতে বাংলাদেশ দল অষ্টম উইকেট হারায় ১১২ রানে। এরপর তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেন ফলো-অন এড়ানোর। কিন্তু ২১ রান করে তাসকিন আউট হলে সেই আশাও শেষ হয়ে যায় শান্ত বাহিনীর। ১১ বলে ১১ রান করে নাহিদ রানা আউট হলে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আগেরদিন ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির আগেই। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিতে বেশি সময় নেননি তাসকিন। ১৭ রান করা আকাশ দীপকে সাজঘরে ফেরান টাইগার পেসার। তারপর তুলে নেন তৃতীয় উইকেটও, সেঞ্চুরি করা অশ্বিনকে ফেরান। আক্রমণে এসে হাসান তুলে নেন ভারতের শেষ উইকেট, ৫ উইকেট ঝুলিতে পোরেন সেটি দিয়ে।
৯১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ৩৭৬ রানে গুটিয়ে যায়। ১৩৩ বলে ১১৩ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে ফেরান তাসকিন। ইনিংসে ৩ উইকেট তার। হাসান মাহমুদ ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মিরাজ ও নাহিদ রানার।
চেন্নাই টেস্টের প্রথমদিনে বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথমদিনে নায়ক হন ৪ উইকেট নিয়ে।








