বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবসে ডাকযোগে ভোটদানের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. জসীম উদ্দীন।
কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকিমশেনর উদ্যোগে কানাডার স্থানীয় সময় মঙ্গলবার ১৬ ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এসব কর্মসূচিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়।
দিনের শুরুতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দীন অটোয়ায় বাংলাদেশ হাউজে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগিফরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপিস্থত ছিলেন।
বিকালে হাইকমিশনের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলেক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এই প্রামাণ্য চিত্রে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি সদস্য ও অতিথিরা বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের আরো গভীর সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের উদ্যোগ কে স্বাগত জানান।
সমাপনী বক্তব্যে হাইকিমশনার মো. জসীম উদ্দীন বলেন, প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।
তিনি উল্লেখ করেন, এখন সময় এসেছে রেমিটেন্স প্রেরনের পাশাপাশি প্রবাসীদের ভূমিকার ব্যপ্তি বাড়িয়ে পুনঃসঙ্গায়ন করা। দক্ষতা বিনিময়, উদ্ভাবন অ্যাডভোকেসি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদূর করার মাধ্যমে জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
নাগরিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটদানের জন্য নিবন্ধনের আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক অংশগ্রহণ হলো সেই মূল্যবোধের মৌলিক প্রকাশ যার জন্য দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল।।







