পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয়টিতেও জয়ের পথে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ সেশন বৃষ্টির কারণে ভেস্তে না গেলে জয়ের আরও কাছাকাছি থাকতে পারত টিম টাইগার্স। পঞ্চম দিন পুরোটা হাতে থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি খেলা গড়ায়, পাকিস্তান পেসারদের মোকাবেলা করা কিছুটা কঠিন হতে পারে। তবে সবকিছুর জন্য প্রস্তুত নাজমুল হোসেন শান্তবাহিনী। পরিকল্পনা ছিল চতুর্থ দিনেই খেলা শেষের।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্যে নেমে খেলা বন্ধ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে দিনের খেলা সমাপ্ত হয়ে যায়। জয়ের জন্য টাইগারদের করতে হবে আর ১৪৩ রান। দিনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ। বললেন আত্মবিশ্বাসী কথাই।
প্রথম ইনিংসে পাকিস্তান পেসারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল বাংলাদেশকে। ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে সে যাত্রায় পার পায় টিম টাইগার্স। দ্বিতীয় ইনিংসে খুররাম শেহজাদ ও মীর হামজাদের বোলিংয়ের সামনে বাংলাদেশের পরীক্ষা দিতে হবে। পঞ্চম দিনের শুরুতে তাদের আক্রমণ আরও ক্ষুরধার হলে ব্যাটাররা তা কীভাবে মোকাবেলা করবে। এমন প্রশ্নে হাসান মাহমুদ বললেন, ‘যে পরিস্থিতিই আসুক, আমরা সকলে মোকাবেলা করতে প্রস্তুত।’
চতুর্থ দিনেই খেলা শেষ করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। টাইগার পেসার বললেন, ‘আজকে বৃষ্টি না হলে আমরা চেষ্টা করতাম, কীভাবে আজকের মধ্যে খেলা শেষ করা যায়, বা চিন্তা করতাম কালকে প্রথম সেশনে শেষ করা যেত।’








