ফুটবল

ফিফার নতুন প্রস্তাবে দারুণ সুখবর বাংলাদেশের জন্য

ফিফার নতুন প্রস্তাবে দারুণ সুখবর বাংলাদেশের জন্য

নতুন এক আর্থিক প্রস্তাব নিয়ে এসেছে ফিফা, যাতে লাভবান হবে বাংলাদেশও! ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে ফুটবলের উন্নয়নে সদস্য দেশগুলোর জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের একটি তহবিল প্রস্তাব করবে। যার মধ্য থেকে প্রতিটি সদস্যের জন্য অতিরিক্ত ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে।

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার একটি নথি প্রকাশ্যে এনেছে ইউরোপের গণমাধ্যম। নথিতে দেখা যাচ্ছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্থিক সাফল্যকে ২১১টি সদস্য সংস্থা, কনফেডারেশন এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ফুটবল উন্নয়নে বিনিয়োগ বাড়াতে ব্যবহার করবে ফিফা। প্রাথমিকভাবে, প্রতি সদস্যকে চার বছরের জন্য ১০ মিলিয়ন ডলার দিয়ে থাকে সংস্থাটি। প্রতি সদস্যের জন্য প্রস্তাবিত নতুন বরাদ্দ ১০ থেকে বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করার কথা এসেছে, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩০০ কোটি টাকার বেশি।

বুধবার প্রকাশিত নথিতে আছে, ফিফা ৪৮ দলের বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের ভিত্তিতে আর্থিক তহবিল থেকে ৩৫০ কোটি ডলারের বেশি অর্থ বিতরণের প্রস্তাব দিচ্ছে। আর্থিক পরিকল্পনাটি আসছে ডিসেম্বরে ফিফা কাউন্সিলে চূড়ান্ত করা হতে পারে। যা ২০২৭ সালের মার্চে ৭৭তম ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনে কার্যকর হবে। ফিফা জানিয়েছে, তারা ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের প্রত্যেকটিকে ৯৯ মিলিয়ন ডলার দেবে।

ফিফা বলেছে, ‘প্রস্তাবটি গৃহীত হলে, ২০২৭ থেকে ২০৩০ সালের জন্য পরিকল্পিত তহবিল বিতরণের পরিমাণ দ্বিগুণের বেশি হবে। যেখানে নারী ও যুব ফুটবলের বিনিয়োগ এবং উন্নয়নের উপর বিশেষ মনোযোগ দেয়া হবে।’

বিষয়:এএফসি জিয়ান্নি ইনফান্তিনো ফিফা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…