ক্রিকেট

তামিমের পর নিজের নাম দেখে ‘উচ্ছ্বসিত’ ইমন

ক্রিকেটার ইমন ব্যাট হাতে উচ্ছ্বসিতভাবে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ইমন মাঠে ব্যাট হাতে উচ্ছ্বসিতভাবে উদযাপন করছেন, পেছনে দর্শক ও স্টাম্প দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৭ ম্যাচ খেলে পারভেজ হোসেন ইমনের ঝুলিতে ছিল কেবল ৮৮ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯ রানের। সংযুক্ত আরব আমিরাতে ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যাটে নেমে পেয়েছেন সেঞ্চুরির দেখা। আগে সংক্ষিপ্ত ফরম্যাটে লাল-সবুজের জার্সিতে কেবল সেঞ্চুরি ছিল তামিম ইকবালের। ইমন তৃপ্ত ছেলেবেলার নায়কের পাশে নাম লেখাতে পেরে।

শারজায় ৫৩ বলে সেঞ্চুরি করেন ইমন। ৯টি ছক্কা ও ৫টি চারের মারে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রায় ১৯ বছরের পথচলায় বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ইমনের আগে তামিম সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায়, ওমানের বিপক্ষে ১০৩ রান করেছিলেন সাবেক ওপেনার।

সেঞ্চুরির পর অনুভূতি প্রকাশে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ইমন বলেছেন, ‘সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হল। সবমিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। ওনার খেলা দেখতাম, ভালো লাগত। ওনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে। তামিম ভাইয়ের একশটা মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। ওনার সব খেলা দেখি সবসময়। মনে ছিল আমার।’

শুভেচ্ছা জানাতে ভুল করেননি তামিম ইকবালও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক অধিনায়ক ইমনের ব্যাটিংয়ের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন ইমন।’

খানিক সময়ের মধ্যে অবশ্য ধন্যবাদের ইমোজি দিয়ে তামিমের করা পোস্টের রিপ্লেও দিয়েছেন ইমন।

শারজায় দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৯১ রান করে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আমিরাতের ইনিংস।

একই ভেন্যুতে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচ সোমবার। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই।

বিষয়:আরব আমিরাতইমনটি-টুয়েন্টি সেঞ্চুরিবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…