জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর এবার দ্বিতীয় ও শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার তিন বছর পর টেস্টে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়, এছাড়া একাদশে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান। সিলেটে প্রথম টেস্টের পর নাহিদ রানা পিএসএল খেলতে যাওয়ায় একটা বদল অবধারিত ছিলো। তার জায়গায় স্পিন শক্তি বাড়ানো হয়েছে, জায়গা পেয়েছেন নাঈম হাসান। সিলেট টেস্ট খেলা খালেদ আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে অভিষিক্ত তানজিমকে।
২০২২ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা বিজয় ফেরায় একাদশের বাইরে চলে যেতে হয়েছে মাহমুদুল হাসান জয়কে। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে চারটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৮৭৪ রান।
জিম্বাবুয়েও তাদের একাদশে একজন পেসার কমিয়ে বাড়িয়েছে স্পিনার, তবে সিলেট টেস্টের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে নেমেছে সফরকারী দল। উইকেটরক্ষক নায়াশা মায়াভোর পরিবর্তে তাফাদজাও সিগা, ভিক্টর নিয়াউচির পরিবর্তে অভিষেক হচ্ছে লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসার।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারেন, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজাও সিগা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।








