চীনের বিপক্ষে ২ গোলে হারলেও লড়াই করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে নর্থ কোরিয়ার বিপক্ষে ছিল ভিন্ন চিত্র। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৫-০তে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঋতুপর্ণা চাকমাদের। বাংলাদেশের লক্ষ্য গ্রুপপর্বের শেষ ম্যাচে, এবার তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এএফসি এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এইচবিএফ পার্কে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু লড়াই।
এবারের আসরের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের বাইরে তিন গ্রুপে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুদল যাবে কোয়ার্টার-ফাইনালে। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
ম্যাচের আগে দলের চোট ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন দলের ফিজিও ইসনাদ জামান। বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সত্যি বলতে, চীনের বিপক্ষে ম্যাচটি শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে খেলোয়াড়রা মূলত সবাই সুস্থ আছে; বড় কোনো চোট নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে, যা আমাদের আজ সামলাতে হবে। আমরা এইমাত্র পার্থের হোটেলে পৌঁছেছি এবং আমাদের মেডিকেল রুম গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। বিকেলের দিকেই চিকিৎসা বা সেশন শুরু করবো। মেয়েরা ফুরফুরে মেজাজে আছে। আমরা হালকা শরীরচর্চা ও স্ট্রেচিং করেছি। তারা হাসিখুশি আছে, তবে একই সাথে পরবর্তী ম্যাচের জন্য যথেষ্ট মনোযোগী ও প্রস্তুত।’
‘আমার মনে হয়, নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা ভালোভাবেই সেরে উঠছে। আজ মানসিকভাবে তারা বেশ চাঙা হয়ে উঠেছে। ৫-০ গোলে হারের পরও তারা খুব বেশি ভেঙে পড়েনি। তারা মেনে নিয়েছে যে, নর্থ কোরিয়া খুব শক্তিশালী দল ছিল, তবে একই সাথে তারা এটাও বুঝতে পারছে যে তারা নিজেদের সেরাটা দিতে পারেনি। তাই তারা পরবর্তী ম্যাচের জন্য এখন পুরোপুরি মনোযোগী। আগামীকাল আমাদের অনুশীলন আছে, আজ আমরা পার্কে গিয়েছিলাম।’
‘আমার মনে হয় আমাদের টুর্নামেন্টটা বেশ ভালো কাটবে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে তারা দারুণ খেলেছে। উজবেকিস্তান ম্যাচের জন্য মেয়েরা এখন পুরোপুরি প্রস্তুত এবং আশা করি ম্যাচটি ভালো হবে।’







