প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল।
বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সতর্ক ও শ্রদ্ধাশীল অবস্থান বজায় রাখবে। সব পক্ষের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এই চুক্তির কারণে অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না। বরং ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও জানান, রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করা হবে।








