ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে বড় জয় তুলেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাবিনা খাতুন বাহিনী। সাগরিকার হ্যাটট্রিকে শেষপর্যন্ত দাপুটে জয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার ভুটানের মেয়েদের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। আক্রমণের খেলোয়াড়রা প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। বিপরীতে ভুটান সুযোগ পেলেই বাংলাদেশকে চাপে ফেলানোর চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধে ভিন্নরূপে দেখা মেলে সাবিনা-রিতুপর্ণাদের।
ম্যাচের ১২ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার ছোট পাস শিউলি আজিম নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বল যায় ভূটান অধিনায়ক পেমা ছোদেন শেরিংয়ের কাছে। রুপনাকে বোকা বানিয়ে বল জালে পাঠান পেমা। শুরুতেই পিছিয়ে পরে বাংলাদেশ।
১-০তে পিছিয়ে থেকে বিরতি কাটিয়ে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগ্রেস। আট মিনিটের ঝড়ে ভুটানকে কোণঠাসা করে ফেলে। ৪৮ মিনিটে সাগরিকা এনে দেন সমতা ফেরানো গোল। পাঁচ মিনিট পর সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন।
৫৫ মিনিটে রিতুপর্ণা চাকমার গোলে ৩-১ হয়। বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান তিনি। শেষদিকে ভুটানের জালে দুবার বল পাঠান সাগরিকা। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথি দল।








