বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা, বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার সম্মানিত পরিচালক শফিকুল আলম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৪ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯:১৫ তে ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবন প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেতারের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ অসংখ্য গুণগ্রাহী তার জানাজায় অংশগ্রহণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবও (সম্প্রচার) উপস্থিত ছিলেন তার জানাযায়।
জানাজার আগে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) এবং মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ শফিকুল আলমের স্মৃতিচারণ করেন। তারা শফিকুল আলমের কর্মনিষ্ঠা, সততা ও অবদান কথা উল্লেখ করে বলেন, তার মৃত্যু বাংলাদেশ বেতারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ বেতার পরিবার এবং বিসিএস (তথ্য) বাংলাদেশ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
শফিকুল আলমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। তিনি বাংলাদেশ বেতারের একজন মেধাবী, পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন।
শফিকুল আলমকে ঢাকার বসিলার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।







