ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত পোশাকবিধি সংক্রান্ত নির্দেশনা শেষ পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ বেতার।
রবিবার (২৪ মে) বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহিদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়। নতুন আদেশে বলা হয়েছে, সংবাদ উপস্থাপকদের ড্রেস কোড সংক্রান্ত কেন্দ্রীয় বার্তা সংস্থার ৪ মে জারি করা অফিস আদেশটি প্রত্যাহার করা হলো।
এর আগে গত ৪ মে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনিন স্বাক্ষরিত এক নির্দেশনায় নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য আলাদা পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল।
সেই নির্দেশনায় নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে বলা হয়। পাশাপাশি কপালে ‘বড় টিপ’ পরা এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই বাধ্যতামূলক করা হয়। তবে উৎসব বা বিশেষ পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি নিষিদ্ধ করা হয়েছিল।
নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে ব্যক্তিস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।
শেষ পর্যন্ত বাড়তে থাকা সমালোচনার মধ্যেই আগের নির্দেশনা বাতিল করে নতুন অফিস আদেশ জারি করে বাংলাদেশ বেতার।








