চট্টগ্রাম থেকে: সহজ ক্যাচ ছেড়ে নিজেকে কাঠগড়ায় দাঁড় করালেন সাকিব আল হাসান। সতীর্থদের ফিল্ডিংয়ে অবশ্য সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব জানালেন, দলের পারফরম্যান্সে খুশির কথা।
‘আমরা যেভাবে খেলাটা ধরেছি তা দুর্দান্ত, দলের কাছে এরচেয়ে বেশিকিছু চাওয়ার থাকে না। যখন আমরা বোলিংয়ে যাই, আমরা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। কিন্তু কেউই ঘাবড়ে যাইনি। সবাই জানত যা দরকার তা করতে পারবে। সব বোলার মিলে ইংল্যান্ডের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেইনি। আমার ক্যাচ মিস ছাড়া সবাই সত্যিই খুব ভালো ফিল্ডিং করেছে।’
ইংলিশ দুই ওপেনার ভুগিয়েছেন বাংলাদেশকে। ৮০ রানের জুটি গড়ার পথে অবশ্য সুযোগ দিয়েছিলেন দুজনই। ২০ রানে নাসুমকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ফিল সল্ট। লুফে নিতে পারেননি বাঁহাতি স্পিনার। পরে সাকিব ক্যাচ ছাড়েন বাটলারের। ১৯ রানে জীবন পাওয়া ইংল্যান্ড অধিনায়ক ফিফটি পেরিয়ে যান দারুণ সব শটে।
স্লগের বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ইংল্যান্ডকে আটকে রাখে ১৫৬ রানে। শেষে মাঝারি লক্ষ্যে লাল-সবুজরা পৌঁছায় ২ ওভার হাতে রেখে। টি-টুয়েন্টিতে বাংলাদেশ পায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ। জেতে ৬ উইকেটে।







