এবারের এশিয়া কাপে গ্রুপপর্বে বাঁচা-মরার লড়াইয়ে উতরে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে রানরেটেও বেশ এগিয়ে আছে সাকিব আল হাসানের দল। এক ম্যাচ জিতেই নিশ্চিত করেছে সুপার ফোর। আফগানদের বিপক্ষে দাপুটে জয়ের ম্যাচে একাদশে না থেকেও মাঠে নেমে টাইগারদের সহযোগিতা করে আলোচনায় এনামুল হক বিজয়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে টিম টাইগার্স। জবাবে নেমে তাসকিন-শরীফুলদের তোপে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে আসরের সুপার ফোরে নাম লিখিয়ে ফেলে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের একাদশে না থাকলেও ফিল্ডিংয়ে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন বিজয়। সরাসরি স্টাম্পে দুর্দান্ত এক থ্রো করে উইকেট তুলে স্কোরবোর্ডে নাম অবশ্য তুলেছেন লিটনের পরিবর্তে স্কোয়াডে যোগ দেয়া উইকেটরক্ষক-ব্যাটার। ৪২তম ওভারে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন রশিদ খান, নন-স্ট্রাইকে করিম জানাত। আফগানদের সংগ্রহ তখন ৭ উইকেটে ২২১ রান।
৪১.৪ ওভারে হাসান মাহমুদের করা বল রশিদ খান পুল খেলেন মিডঅনে। অপর প্রান্ত থেকে রান নিতে দৌড় দেন করিম। তাদের ভুল বোঝাপড়ার মধ্যে মাঠে বদলি নামা বিজয় দূর থেকে বল থ্রো করে ভেঙে দেন স্টাম্প। টিভি স্ক্রিনে আউট বোঝা না গেলেও টিভি আম্পায়ার সিদ্ধান্ত জানান করিম আউট হয়েছেন। দারুণভাবে ম্যাচে ফেরে টিম টাইগার্স। পরে রশিদকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে নেন পেসার তাসকিন আহমেদ।







