ক্রিকেট

রাজা-বার্লের লড়াইয়ে জিম্বাবুয়ের মাঝারি পুঁজি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বল হাতে স্বপ্নের মতো দিন কাটালেন মোসাদ্দেক হোসেন সৈকত। টাইগার অফস্পিনার ৫ উইকেট শিকারে সহজ করে দিলেন জয়ের পথ। সিরিজে সমতায় ফেরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে হারাতে নুরুল হাসান সোহানের দলকে করতে হবে ১৩৬ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে জিম্বাবুয়ে। ৫৩ বলে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন সিকান্দার রাজা। আগের ম্যাচে তার ব্যাটেই জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

নতুন বল হাতে পেয়েই জ্বলে ওঠেন মোসাদ্দেক। আঘাত হানেন ইনিংসের প্রথম বলেই। শেষ বলেও তুলে নেন উইকেট। ওভারে দুই উইকেট নিয়ে শুরু করা অফস্পিনার তুলে নেন ৫ উইকেট। জিম্বাবুয়ের শুরুর পাঁচ ব্যাটারকে সাজঘরে পাঠান।

৩১ রানে ৫ উইকেট হারানো দলকে পথ দেখান রাজা ও রায়ান বার্ল। ধ্বংসস্তূপ থেকে অসাধারণ জুটিতে লড়াইয়ে রাখেন স্বাগতিকদের। হাসান মাহমুদের বলে বার্ল (৩২) বোল্ড হলে ভাঙে ৮০ রানের জুটি। পরে রাজাও ফেরেন সাজঘরে। উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।

আগের ১৯ ম্যাচে মোসাদ্দেকের নামের পাশে উইকেট ছিল সাতটি। সেই মোসাদ্দেক হোসেন সৈকত বিস্ময় উপহার দিয়ে এক ম্যাচেই তুলে নিয়েছেন ৫ উইকেট। জিম্বাবুয়ে ব্যাটারদের বোকা বানিয়ে ২০ রানে শেষ করেন ৪ ওভারের কোটা।

অনিয়মিত বোলার মোসাদ্দেককে খেলতে শুরু থেকেই খুব সংগ্রাম করতে হয়েছে স্বাগতিক দলকে। এ অফস্পিনার একে একে সাজঘরে ফেরান রেগিস চাকাভা (০), ওয়েসলে মাধেভেরে (৪), ক্রেইগ আরভিন (১), শন উইলিয়ামস (৮) ও মিল্টন সুম্বাকে (৩)।

শুরুতেই হোঁচট খাওয়া জিম্বাবুয়ে প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে মাত্র ৪৬ রান। পরের ১০ ওভারে খুব খারাপ করেনি। ৩ উইকেট হারিয়ে ৯১ রান যোগ করে স্বাগতিকরা। লুক জঙ্গে ৫ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

বিষয়:বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ মোসাদ্দেক হোসেন রাজা হারারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…