অপরাধ

বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ১৮

বাঙলা কলেজের সামনে সংঘর্ষের সময় ধোঁয়া ও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙলা কলেজের সামনে সংঘর্ষের সময় ধোঁয়া ও ভিড় দেখা যাচ্ছে, পুলিশ ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাবতলী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দলবদ্ধভাবে হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ দুই মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ১৯ জুলাই সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. রুবেল হোসেন (২৯) বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন। এতে ১২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় মঙ্গলবার ১৮ জুলাই পদযাত্রা চলাকালে বাঙলা কলেজের সামনে মোটরসাইকেল পোড়ানো ও লাঠিসোঁটা হাতে কলেজ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বাঙলা কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন স্টাফ এ মামলা করেন।

এ মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সংশ্লিষ্টতা উল্লেখ করে আসামি করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বলেন, পৃথক দুটি মামলার মধ্যে একটিতে ৮ জন ও অপরটিতে ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…