প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে টাইগাররা হারলেও পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার আশা জাগায় বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ খেলায় ভুটানকে হারিয়ে সেমির টিকিট কেটেও ফেলেছে জামাল ভুঁইয়ার দল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ কুয়েত হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক জামাল।
ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। সেমিফাইনালে প্রতিপক্ষ কুয়েত। বাংলাদেশের সেমির খেলা ১ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে। সেই ম্যাচ ঘিরেই অধিনায়ক জামালের এখন সকল মনোযোগ।
বি-গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে ওঠা জামাল ভুঁইয়ার দলের সঙ্গী ছিল লেবানন, মালদ্বীপ ও ভুটান। জামাল মনে করেন, গ্রুপটা ছিল কঠিন। ম্যাচ শেষে বলেছেন, ‘সেমিতে ওঠা আমাদের জন্য বড় অর্জন। কঠিন গ্রুপ ছিল। এখন আমাদের সেমিফাইনালে দৃষ্টি দিতে হবে।’
গ্রুপের শেষ ম্যাচে ভুটান যে সহজ প্রতিপক্ষ ছিল না, সেটিও মনে করিয়ে দিলেন জামাল। শুরুতে গোল হজম করার কথাও স্মরণ করিয়ে দেন।
‘আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। কারণ তারা তেজ নিয়ে শুরু করেছিল, প্রথম গোলটা পেয়েছিল। আমাদের জন্য ধাক্কা ছিল। আমরা প্রত্যাবর্তন করতে পেরেছি। ছেলেদের জন্য সম্মান রইল। তারা সবাই ক্লান্ত। আমাদের রিকভার করতে হবে। সেমিফাইনালের জন্য প্রস্তুত হতে হবে।’








