বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর সেমিফাইনালের পথে বাংলাদেশের সামনে বাধা ভুটান। বুধবার দেশটির বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। ম্যাচটিতে জয় পেলে সেমিতে খেলার সুযোগ থাকবে মোরসালিন-বিশ্বনাথদের। দেশের মানুষের খুশির জন্য ম্যাচটিতে জয় চাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বলেছেন, ‘আমরা যদি তিন পয়েন্ট নিতে পারি তাহলে পুরো দেশ খুশি হবে।’
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচ সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুশীলন করেছে লাল-সবুজের বাহিনী। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জামাল।
বলেছেন, ‘আমরা যদি তিন পয়েন্ট নিতে পারি তাহলে পুরো দেশ খুশি হবে। আমরা তিন পয়েন্টের জন্যই লড়বো, এটাই আমাদের লক্ষ্য। তিন পয়েন্ট নিতে পারলে আমরা সেমিতে খেলার সুযোগ পাবো।’
‘আমাদের সামনে এটি একটি সুবর্ণ সুযোগ। সবার মাথাতেই আছে, আমাদের জিততে হবে। তিন পয়েন্ট নিতে হবে। কালকের ম্যাচে আমাদের কৌশল কী হবে, কোচ এখনও আমাদের জানাননি। তবে আমাদের আত্মবিশ্বাস আছে।’
মালদ্বীপের বিপক্ষে জয়ের দিনে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তারিক কাজী। চোট গুরুতর হওয়ায় খেলার সম্ভাবনা নেই ভুটানের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়কই জানিয়েছেন তা। বলেছেন, ‘আমরা তারিক কাজীকে মিস করবো। তারিক দারুণ খেলেছে, মাঠে প্রতিটি মিনিট সে নিখুঁত খেলেছে। তবে, তারিকের বদলি হিসেবে যারা খেলবে, তারাও ভালো করবে।’
সাফের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে লেবানন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান বাংলাদেশ ও মালদ্বীপের। দুই হারে ভুটানের পয়েন্টের সংখ্যা শূন্য। বুধবার বিকেল ৪টায় লড়বে লেবানন ও মালদ্বীপ। ওই ম্যাচের ফলাফলের পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের করণীয়টা।








