বঙ্গবন্ধু সেতুর উপর একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্যরাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজট দেখা দিয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।
পুলিশ জানায়, সোমবার (৮ এপ্রিল) রাত ১০ টার পর সেতুর উপর বাস, ট্রাক, প্রাইভেটকার ও ২টি ফিটনেসবিহীনসহ ১২টি গাড়ি বিকল হয়। পরে সেগুলো তাৎক্ষণিক অপসারণ করা হয়। এদিকে বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে পরিবারের সাথে ঈদ করতে গন্তব্যে যাচ্ছে ঘরমুখী মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতুতে গাড়ি বিকল হওয়ায় সেতু সড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট কমাতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু দিয়ে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় নয় হাজার যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৭২ লক্ষ টাকা।








