ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে চাঁদপুরের পদ্মা-মেঘনাা নদীর ১০০ কিলোমিটারকে অভয়াশ্রম ঘোষণা করে ২২ দিন ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ এবং ওই সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকার অভয় আশ্রমে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন, অভিযানের সময় নির্ধারণ সঠিক হয়নি।
প্রতিবছরই মা ইলিশ রক্ষা কার্যক্রম চলাকালে নদীতে মাছ ধরার চেষ্টা করে কিছু অসাধু জেলে। তবে অভিযান সফল করতে নদীতে পুলিশকে দায়িত্ব না দিয়ে কোস্টগার্ডকে দেওয়ার দাবি প্রকৃত জেলেদের। এছাড়া নিষেদ্ধাজ্ঞার সময় নগদ অর্থ সহায়তাসহ ভিজিএফ এর চাল বিতরণ সেনাবাহিনী ও কোস্টকার্ড দিয়ে বিতরণের দাবি তাদের।
ইলিশের অভয় আশ্রম বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভা করা হয়েছে জেলে পল্লীগুলোতে।







