সাইদুর রহমান পান্থ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু ওয়ার্ড থেকে মায়ের সাথে ঘুমিয়ে থাকা এক নবজাতক চুরি হয়েছে। প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে অভিযুক্ত নারীসহ ঐ শিশুকে নগরীর আমানতগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে নবজাতক চুরি হওয়ার পর বিকেলে তার মায়ের কাছে হস্তান্তর করে মেট্রোপলিটন পুলিশ।
ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার বাসিন্দা কারখানাশ্রমিক মো. হেলালের স্ত্রী কাকলী বেগমকে গত ১৬ জানুয়ারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসুতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে ১৭ জানুয়ারি দুপুর আড়াইটায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়।
বুধবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার ওই ওয়ার্ডে নবজাতক সন্তান নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিলেন কাকলী। তার স্বামী জরুরী প্রয়োজনে বাসায় চলে যান। রোগীর পাশে থাকা নবজাতকের ফুফু রেনু বেগম বেলা সাড়ে ১২টার টার দিকে জরুরী প্রয়োজনে ওয়ার্ডের বাহিরে যান। পরে তিনি ফিরে এসে দেখেন ঘুমিয়ে থাকা কাকলীর পাশে নবজাতকটি নেই। তার ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেন।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে। এসময় শাহিনুর বেগম নামের এক নারীকে আটক করে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, অসৎ উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হতে পারে। শিশু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।








